Print Date & Time : 03 November 2026 Tuesday 07:01 am

বৈরী আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

image

নোয়াখালী প্রতিনিধি: বৈরী আবহাওয়া ও মেঘনা নদী উত্তাল থাকার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সি-ট্রাক, স্পিডবোট, ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় কার্যত জেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাতিয়া।

রোববার (৫ জুলাই) সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। আকস্মিক নৌযান চলাচল বন্ধ হওয়ায় হাতিয়ার নলচিরা ও সুবর্ণচরের চেয়ারম্যানঘাট এলাকায় শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

নলচিরা ও চেয়ারম্যানঘাটে আটকে পড়া যাত্রী আবদুল কাদের ও রুবেল হোসেন জানান, জরুরি ও পারিবারিক প্রয়োজনে তাঁদের যাতায়াতের কথা ছিল। সকাল থেকে ঘাটে এসে তাঁরা অপেক্ষা করছেন, কিন্তু কোনো নৌযান ছাড়েনি। তবে নিরাপত্তার স্বার্থে প্রশাসনের এই সিদ্ধান্তকে তাঁরা ইতিবাচক হিসেবেই দেখছেন।

ফেরি 'মহানন্দা’র মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, "দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে এবং আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।"

হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, ভোর থেকেই নদী উত্তাল রয়েছে এবং জোয়ারের উচ্চতা স্বাভাবিক সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ফলে হাতিয়া-চেয়ারম্যানঘাট ও নলচিরা নৌপথে চলাচলকারী সব ধরনের সরকারি-বেসরকারি নৌযান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, "যাত্রীদের জানমালের নিরাপত্তা বিবেচনায় হাতিয়ার সাথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নৌ চলাচল শুরু হবে। আবহাওয়া অধিদপ্তরের সতর্ক সংকেত পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"

—জা. অর্থনীতি/এলএটি