বিনোদন ডেস্ক: বলিউড পাড়ায় লম্বা সময় ধরে চলা বিভিন্ন আলোচনা-গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নতুন জীবনে পা রাখলেন বলিউড সুপারস্টার আমির খান। দুই বছরেরও বেশি সময় প্রেমের পর প্রেমিকা গৌরি স্প্রাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজস্ব বাসভবনে ঘরোয়া পরিবেশে পরিবারের সদস্যদের উপস্তিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর শুরু হয়েছে গৌরীকে নিয়ে, তার সম্পদ নিয়ে মানুষের জানার আগ্রহ।
যদিও বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত তারকা আমির খানের ৩য় বিয়েতে ছিল না কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন কিংবা তারকাদের ভিড়।
এদিকে, এ বিয়ের খবর প্রকাশের পর থেকেই গৌরী স্প্র্যাটকে নিয়ে কৌতূহল বেড়েছে। সম্প্রতি আমিরের সঙ্গী হিসেবে পরিচিত হলেও এতদিন তিনি আলোচনার বাইরে ছিলেন। সবার মনেই প্রশ্ন কে এই গৌরী স্প্র্যাট?
আমির খানের চেয়ে বয়সে ছোট, ৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাটের জন্ম বেঙ্গালুরুতে। স্যালন উদ্যোক্তা ও ফ্যাশন স্টাইলিস্ট হিসেবে ভারতজুড়ে রয়েছে তার পরিচিতি। তিনি বেড়ে উঠেছেন সাংস্কৃতিক পরিবারে। তার বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ এবং মা রিটা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ বংশোদ্ভূত। তামিলনাড়ুর পাহাড়ি শহর উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা শেষে তিনি লন্ডনে যান। লিংকডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী, ২০০৪ সালে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে এফডিএ (এফডিএ) কোর্স সম্পন্ন করেন গৌরী। তার মা বেঙ্গালুরুতে একটি জনপ্রিয় বিউটি সেন্টার পরিচালনা করতেন। সেখান থেকেই সৌন্দর্যসেবা খাতে কাজ করার আগ্রহ তৈরি হয় তার।
শুরুতে তিনি পোশাক নকশা ও ফেব্রিক সোর্সিংয়ের কাজ করতেন। পরে ২০০৭ সালে হেয়ার ও বিউটি স্যালন চেইন ‘বি-ব্লান্ট’–এর অন্যতম মালিক ও ব্যবস্থাপক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে প্রতিষ্ঠানটির একটি শাখা পরিচালনা করছেন। পাশাপাশি আমির খান প্রোডাকশনসের বিভিন্ন সৃজনশীল প্রকল্পেও পরামর্শক হিসেবে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।
ব্যবসায়িক সাফল্যের ফলে গৌরী উল্লেখযোগ্য সম্পদের মালিক হয়েছেন। ‘ম্যাজিক ব্রিকসের’ তথ্য অনুযায়ী, তার আনুমানিক সম্পদের পরিমাণ ২৪ কোটি থেকে ৪০ কোটি রুপি।
উল্লেখ্য, ৬১ বছর বয়সে এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে, তিনি রীনা দত্তকে ১৯৮৬ সালে বিয়ে করেন। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই সন্তান—ছেলে জুনায়েদ খান ও ইরা খান। পরে ২০০৫ সালে পরিচালক ও প্রযোজক কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদকে যৌথভাবে বড় করছেন দুজন।
—জা. অর্থনীতি/এনএ