যশোর প্রতিনিধি: ঢাকা-যশোর রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে ৬ দফা দাবিতে আগামী ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে 'বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি'। 'পান্তা খেয়ে ঢাকায় যাই, রাতে বাড়ি ফিরতে চাই' স্লোগানকে সামনে রেখে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই কর্মসূচির ঘোষণা দিয়ে জানান, দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা-যশোর পদ্মা সেতু রেলপথে বর্তমানে দিনে মাত্র একটি ট্রেন চলাচল করছে, যা এই অঞ্চলের মানুষের চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। অথচ যশোর থেকে ভোরে একটি আন্তঃনগর ট্রেন চালু হলে যাত্রীরা সকালে ঢাকায় গিয়ে কাজ শেষ করে আবার সন্ধ্যায় নিজ বাড়িতে ফিরতে পারতেন। এই দাবির মুখে রেলওয়ে কর্তৃপক্ষ মার্চ-এপ্রিল ২০২৬ সালের মধ্যে নতুন ট্রেন চালুর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।
সংবাদ সম্মেলনে উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রভাতিসহ ৩টি নতুন আন্তঃনগর ট্রেন চালু, সব ট্রেনে সাধারণ বগি বৃদ্ধি, দর্শনা-খুলনা ও বেনাপোল-যশোর রুটে ডাবল রেললাইন নির্মাণ, কমিউটার ট্রেন চালু এবং সিঙ্গিয়া স্টেশনে ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল (আইসিটি) চালু করা।
সংগঠনের আহ্বায়ক কাওসার আলী ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।
—জা. অর্থনীতি/এলএটি