Print Date & Time : 07 November 2026 Saturday 12:43 pm

রাফাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি হত্যাকাণ্ডকে প্রভাবশালী চক্র আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

শনিবার (৪ জুলাই) সকালে বৈরী আবহাওয়ার মধ্যেই স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন।

রাফাতের মা শাহানারা খাতুন অভিযোগ করে বলেন, তার ছেলে স্থানীয় আক্তারের মুরগির ফার্মে কাজ করত। গত ১৩ জুন ফার্মের মালিকের মাদকাসক্ত ছেলে অলিদ হোসেন রাফাতকে হত্যা করে লাশ নিচু বাঁশে ঝুলিয়ে রাখে। শফিকুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা জানান, গরীব বলে পুলিশ এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না বা নড়াচড়া করছে না।

মানববন্ধনের সভাপতি রুহুল কুদ্দুস গাজী ও বক্তা আব্দুল লতিফ সরদার বলেন, দিনমজুরের সন্তান হওয়ায় রাফাতের পরিবার বিচার থেকে বঞ্চিত হবে—এমনটি স্বাধীন দেশে হতে পারে না। মাদকাসক্ত অলিদ নেশার টাকার জন্য এর আগেও অনেকের ওপর নির্যাতন করেছে। অপরাধীরা যতই প্রভাবশালী হোক, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন আব্দুল মালেক, রফিকুল ইসলাম, রমজান আলী ও মাছুম বিল্লাহ। তারা অভিযোগ করেন, বারবার পুলিশের কাছে আবেদন ও একাধিক কর্মসূচি পালন করা হলেও তদন্তে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা না হলে এলাকাবাসী শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।

—জা. অর্থনীতি/এলএটি