যশোর প্রতিনিধি: দলের ভাবমূর্তি রক্ষায় এবং মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি স্পষ্ট করে বলেছেন, মাদক কারবারি কিংবা অন্যায়কারী যতই প্রভাবশালী হোক না কেন, সে যদি আমার আত্মীয় বা দলের কোনো নেতাও হয় তার সাথে তারেক রহমানের বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং আগামীতেও থাকবে না।
শনিবার (৪ জুলাই) যশোর সদর উপজেলার চুড়ামনকাটি জিসি থেকে কায়েমকোলা জিসি ভায়া বাগডাঙ্গা, ঝাউদিয়া বাজার ও চান্দুটিয়া পর্যন্ত ১১ দশমিক ৩৭ কিলোমিটার দীর্ঘ সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সড়কের পাশে বৃক্ষরোপণ করেন এবং পরে হৈবতপুর ইউনিয়নের ‘সিরিজ খাল’ পুনঃখনন কাজ পরিদর্শন করেন।
উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখার আহ্বান জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীণ জনপদের রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্টের কাজ শুরু করেছে। এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, "আপনারা ঠিকাদারের কাছ থেকে সঠিক কাজ বুঝে নেবেন। ঠিকাদার আমার আত্মীয় কিংবা দলের লোক হোক, সেটা দেখার বিষয় না। এ ক্ষেত্রে ঠিকাদারের কাছ থেকে কেউ অন্যায্য এবং অনৈতিক সুবিধা নেওয়ারও চেষ্টা করবেন না।"
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন।
—জা. অর্থনীতি/এলএটি