রংপুর প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং মন্ত্রণালয়ের কেউ যেন দুর্নীতিতে না জড়ায় তা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, বিগত দিনের দুর্নীতি নিয়ে দুদকসহ সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে, দুর্নীতি করলে কেউ পার পাবে না।
শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে রংপুর বিভাগের কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফ্যামিলি কার্ড নিয়ে মন্ত্রী বলেন, আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে রংপুর নগরীসহ সারাদেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম চালু হবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে কম্পিউটারে যাচাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্ধারণ করা হবে। বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সেবা কার্যক্রমে মধ্যস্বত্বভোগী না থাকায় উপকারভোগীরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাচ্ছেন।
প্রতিবন্ধীদের প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন জানান, দেশে প্রায় ৪৫ লাখ নিবন্ধিত প্রতিবন্ধী রয়েছে। তাদের জনসম্পদে পরিণত করতে ৪৫টি মোবাইল থেরাপি ইউনিট কাজ করছে। এছাড়া সহসাই দেশের প্রতিটি জেলায় একটি করে স্ট্যান্ডার্ড প্রতিবন্ধী স্কুল এবং উপজেলায় কমপক্ষে একটি করে প্রতিবন্ধী স্কুল স্থাপনের কাজ চলছে। একই সাথে দারিদ্র্য বিমোচনে প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের জন্য বিনামূল্যে যন্ত্রাংশ বিতরণ ও বিনাসুদে ঋণ প্রদান করা হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি