Print Date & Time : 08 November 2026 Sunday 06:05 am

উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত করলো রাজ্য সরকার

image

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মাদরাসা শিক্ষাব্যবস্থায় এক আমূল পরিবর্তন আনা হয়েছে। রাজ্যটিতে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মাদরাসা বোর্ডের কার্যক্রম। গত বুধবার (১ জুলাই) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এখন থেকে মাদরাসাগুলোর তদারকি ও স্বীকৃতির দায়িত্ব পালন করবে নতুন গঠিত ‘সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষ’ (মাইনরিটি এডুকেশন অথরিটি)।

উত্তরাখণ্ড সরকারের নতুন নীতিমালার অংশ হিসেবে এই বড় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নতুন নিয়মের আওতায় উত্তরাখণ্ডের সব মাদরাসাকে নবগঠিত সংখ্যালঘু শিক্ষা কর্তৃপক্ষের কাছ থেকে নতুন করে স্বীকৃতি নিতে হবে। এছাড়া শিক্ষাদানের ক্ষেত্রেও আসছে বড় পরিরর্তন:

মাদরাসাগুলোর সাধারণ শিক্ষার পাঠ্যক্রম এখন থেকে 'উত্তরাখণ্ড বিদ্যালয়ী শিক্ষা পরিষদ' (রাজ্য শিক্ষা বোর্ড)-এর নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরিচালিত হবে।

নিয়মিত শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে শুধু রাজ্য বোর্ডের এই সাধারণ পাঠ্যক্রমই পড়ানো হবে।

তবে ধর্মীয় শিক্ষা পুরোপুরি বন্ধ হচ্ছে না। আগের মতোই কুরআন, হাদিস ও অন্যান্য ধর্মীয় বিষয় পড়ানো যাবে, তবে তা করতে হবে নিয়মিত স্কুলের নির্ধারিত সময়ের বাইরে বা পৃথক সময়ে।

উত্তরাখণ্ড সরকারের দাবি, এই পরিবর্তনের ফলে মাদরাসার শিক্ষার্থীরা মূলধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এতে করে তারা আধুনিক উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে অন্য শিক্ষার্থীদের সমান সুযোগ পাবে, পাশাপাশি তাদের ধর্মীয় শিক্ষার ধারাবাহিকতাও বজায় থাকবে।

তবে সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে ভারতের বিভিন্ন মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশ্লেষকদের একাংশ এটিকে মাদরাসা শিক্ষার আধুনিকায়নের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। অন্যদিকে, সমালোচকদের মতে—এই সিদ্ধান্তের ফলে মাদরাসা শিক্ষার যে ঐতিহ্যগত ও স্বতন্ত্র কাঠামো রয়েছে, তা চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

সূত্র: মিল্লাত টাইমস উর্দু

জা.অর্থনীতি/ উমার