Print Date & Time : 08 November 2026 Sunday 02:31 am

মেসিকে লেখা চিঠিতেই ভাগ্যবদল, ৮ বছরের খুদে ভক্তের ‘স্বপ্নপূরণ’

image

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসির জন্মদিনে একটি মর্মস্পর্শী চিঠি লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছিল ৮ বছর বয়সী মানু লিটউই। আর্জেন্টিনার এই বালকের গল্পে এবার এমন এক রূপকথার মোড় এলো, যা সে হয়তো কেবল স্বপ্নেই দেখেছিল! আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে ফুটবল খেলা এই খুদে ফুটবলার চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে। তার এই অসম্ভব স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে জাতীয় দল অধিনায়কের বাণিজ্যিক অংশীদার ও সুপরিচিত একটি আর্জেন্টাইন ব্র্যান্ড।

এই জাদুকরি গল্পের সূচনা হয়েছিল আর্জেন্টিনার জনপ্রিয় চ্যানেল ওলগা’র সেরিয়া ইনক্রেদিবল শো থেকে। অনুষ্ঠানে এসে মানু তার প্রিয় আইডলের উদ্দেশ্যে লেখা একটি চিঠি পড়ে শোনায়। লাখো দর্শক-শ্রোতার সামনে মেসির প্রতি নিজের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে সে বলে, প্রিয় লিও, আমি তোমাকে একটি চিঠি লিখেছি কারণ আমি জানি আজ তোমার জন্মদিন। আশা করি চিঠিটি তোমার কাছে পৌঁছাবে। তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা তোমাকে না জানিয়ে এই বিশেষ দিনটি পার হয়ে যাক-তা আমি চাইনি।

চিঠিতে কেবল মেসির মাঠের জাদুই নয়, বরং তার মানবিক গুণাবলিও ফুটে উঠেছে এই খুদে ভক্তের চোখে। মানু আরও বলে, আমি যখন তোমাকে খেলতে দেখি, মনে হয় বল আর তুমি যেন এক হয়ে গেছ। এটা অবিকল জাদুর মতো। তবে তোমার যে বিষয়টি আমার সবচেয়ে পছন্দ, তা কেবল তোমার খেলা নয়; বরং মানুষ হিসেবে তুমি কেমন, সেটা। তুমি সবসময় সতীর্থদের সাহায্য করো, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, কখনো হাল ছাড়ো না।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই আর্জেন্টাইন কোম্পানিটি মানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এরপরের চমকটি ছিল আরও অবিশ্বাস্য। জনপ্রিয় উপস্থাপিকা পাউলা শ্যাভেস মানুর উদ্দেশ্যে লেখা একটি নতুন চিঠি পড়ে শোনান, যেখানে বলা হয়, আজ থেকে শুধু তুমি একা স্বপ্ন দেখবে না। এই গল্পের পরের অধ্যায় লিখতে আমরা তোমাকে সাহায্য করব। আমাদের পুরো দলের পক্ষ থেকে তোমাকে ও তোমার পরিবারকে যুক্তরাষ্ট্রে গিয়ে জীবনের প্রথম বিশ্বকাপ ম্যাচ সরাসরি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

মেসিকে লেখা সেই চিঠিতে মানু নিজের ভবিষ্যতের ইচ্ছার কথাও জানিয়েছিল, আমিও আর্জেন্টিনোস জুনিয়র্সে ফুটবল খেলি এবং আমার একটি বড় স্বপ্ন আছে-আমি একজন পেশাদার ফুটবলার হতে চাই। প্রতি রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করলেই আমি এই দৃশ্যটি দেখি। যখনই এই স্বপ্নের কথা ভাবি, তখনই তোমার মুখটি সামনে চলে আসে। কারণ সবচেয়ে কঠিন স্বপ্নও যে সত্যি হতে পারে, তার জীবন্ত প্রমাণ তুমি।

মানুর সেই অবাস্তব স্বপ্নই এখন বাস্তব। চলতি বিশ্বকাপের ‘শেষ ৩২’ পর্বের ম্যাচেই গ্যালারিতে বসে প্রিয় নায়কের খেলা দেখার সুযোগ পাচ্ছে সে। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি দেখার পাশাপাশি মেসির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার দারুণ এক সুযোগও করে দেওয়া হচ্ছে এই খুদে ভক্তকে।

জা.অর্থনীতি/এসআই