Print Date & Time : 08 November 2026 Sunday 12:15 pm

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন এমপি হানজালা

image

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। বৃহস্পতিবার (০২ জুলাই) রাতের ফ্লাইটে তিনি তেহরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

বুধবার (০১ জুলাই) সংবাদমাধ্যমকে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচির বিষয়ে পীরজাদা হানজালা বলেন, বুধবার টিকিট বা ফ্লাইট না পাওয়ায় আজ রাতের মধ্যে ইনশাআল্লাহ ইরানের উদ্দেশ্যে রওনা হব। সেখানে আনুমানিক তিনদিন অবস্থান করে একটি সফরে ওমানে যাব। ওমানে দুই দিন অবস্থান শেষে দেশে ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার আয়োজন বারবার পেছাতে হয়েছে। এর আগে গত এপ্রিল মাসে তার স্মরণে একটি সংক্ষিপ্ত রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করা হলেও তা পূর্ণাঙ্গ জানাজা ছিল না।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় পরিবারের বেশ কয়েকজন সদস্যসহ প্রাণ হারান ৮৬ বছর বয়সী খামেনি। মৃত্যুর আগে তিনি দীর্ঘ ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে আসছিলেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানা গেছে, আগামী ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কোম ও মাশহাদ শহরে আয়াতুল্লাহ খামেনির জানাজা শেষে তাঁকে সমাহিত করা হবে। এই রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ। বিশাল এই জমায়েতকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন সংস্থা সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এছাড়া ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফ শহরেও তাঁর স্মরণে বিশেষ আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

জা. অর্থনীতি/ উমার