Print Date & Time : 16 October 2026 Friday 06:01 am

ভারতে বাস ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে আগুন: নিহত ৭

image

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের রাজস্থানের দাউসা অংশে একটি যাত্রীবাহী স্লিপার বাসের সঙ্গে ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাসটি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল। পথিমধ্যে একটি ট্রেলারের সঙ্গে বাসটির তীব্র সংঘর্ষ হয় এবং মুহূর্তের মধ্যেই দুটি গাড়িতেই আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রীই ঘুমাচ্ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ওপরের বাঙ্কের যাত্রীরা নিচে ছিটকে পড়েন। বাসের ভেতর থেকে বাঁচানোর আকুল আর্তনাদ শোনা যাচ্ছিল। 

হাসপাতালের তথ্যমতে, নিহতদের মধ্যে ৫ জন আগুনে পুড়ে এবং ২ জন মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তাদের চিকিৎসার জন্য দ্রুত দাউসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। তাদের দাবি, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়, যার ফলে প্রাণহানির সংখ্যা বেড়েছে। এছাড়া স্থানীয়দের দাবি, বাসের মালামাল রাখার বক্সে প্রচুর পরিমাণে সিগারেটের প্যাকেট ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়তে জ্বালানি হিসেবে কাজ করেছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ ধারণা করছে, চলন্ত অবস্থায় বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। এছাড়া বাসের অতিরিক্ত গতিকেও দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং আহতদের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে।

সূত্র: এনডিটিভি

জা.অর্থনীতি/এসআই