Print Date & Time : 28 October 2026 Wednesday 05:29 am

আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপার ভরি?

image

অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে সবশেষ সমন্বয়ে আরও কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (১ জুলাই) থেকে মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত হ্রাসকৃত মূল্যে।

এর আগে গত ৩০ জুন সকালে বাজুস স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য হ্রাসের প্রেক্ষিতে এই নতুন দাম নির্ধারণ করে, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। ৩০ জুনের সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ৩২৪ টাকা এবং রুপায় ১৭৫ টাকা কমানো হয়েছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন মূল্য হলো: ২২ ক্যারেট ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতি ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। অলঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার পরিবর্তন ও ক্রয়ের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। ক্যাটাগরি অনুযায়ী প্রতি ভরি রুপার বর্তমান দাম: ২২ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতি ২ হাজার ৭৪১ টাকা।

চলতি বছর এ নিয়ে দেশের বাজারে সর্বমোট ৮৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। যার মধ্যে ৪১ বার দাম বাড়ানো হয়েছে, ৪২ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি ও ২৯ বার দাম কমানো হয়।

অন্যদিকে, চলতি বছরে এ পর্যন্ত রুপার দাম ৫১ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ বার দাম বাড়ানো এবং ২৬ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার, যার মধ্যে ১০ বার বৃদ্ধি ও ৩ বার হ্রাস পেয়েছিল।

জা.অর্থনীতি/এসআই