Print Date & Time : 07 November 2026 Saturday 06:46 am

শ্রদ্ধা-ভালোবাসায় মুস্তাফা মনোয়ারকে শেষ বিদায়

image

বিনোদন ডেস্ক: অশ্রুশিক্ত চোখ, ফুল আর নীরব শ্রদ্ধায় বিদায় জানানো হলো দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পাপেট আন্দোলনের পথিকৃৎ ও একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ারকে। মঙ্গলবার (৩০ জুন) সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। 

গতকাল সোমবার অনন্তলোকে পাড়ি জমিয়েছেন নন্দিত এ চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। মঙ্গলবার বেলা ১১টার দিকে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শিল্পগুরুকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। 

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে এই শ্রদ্ধা নিবেদনে উপস্থিত হন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমদু খৈয়ম। শ্রদ্ধা জানিয়েছেন নাট্যকার রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, ত্রপা মজুমদার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দীন স্টালিন, শিল্পী মনিরুল ইসলাম, চিত্রশিল্পী মনিরুজ্জামানসহ অনেকে। 

সাংগঠনিকভাবে বাংলার ‘পাপেটবন্ধু’কে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘর, নাগরিক নাট্য সম্প্রদায়, গণতান্ত্রিক বাম ঐক্য, শিল্পকলা একাডেমি, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বঙ্গরঙ্গ নাট্যদল, আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, আইটিআই বাংলাদেশ, প্রাচ্যনাট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, উদীচী শিল্পগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ অনেক সংগঠন। 

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মুস্তাফা মনোয়ারের মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, যেখানে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় নামাজে জানাজা। এর আগে সকালে বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিথর মুস্তাফা মনোয়ারকে নেওয়া হবে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ও শিল্পীরা। সর্বশেষে তাকে নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন দেশের শিল্প-সংস্কৃতির এই কিংবদন্তী। 

—জা. অর্থনীতি/এনএ