Print Date & Time : 01 November 2026 Sunday 07:48 am

রিমান্ড শেষে কারাগারে আলভী

image

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এ আদেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী আবজাল হোসাইন মৃধা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আবজাল হোসাইন মৃধা বলেন, ‘আজ যাহের আলভীর পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।’ 

গেল ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন যাহের আলভী। শুনানি শেষে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

পরে ২১ জুন তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ২৪ জুন আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রাজধানীর পল্লবী থানায় এ অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আলভীর স্ত্রী ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সময় অভিনেতা নেপালে ছিলেন। 

মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহসহ বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন। এ ঘটনায় যাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয় মামলায়। 

যাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিয়ে করেন। তাদের এক ছেলে রয়েছে। 
 

—জা. অর্থনীতি/এনএ