মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় বেপরোয়া গতির দূরপাল্লার বাসের চাপায় শ্যামলা রানী দাস (৮২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. ওবায়দুল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মৌলভীবাজার-শেরপুর সড়কের মনুমুখ ইউনিয়নের বাউরভাগ এলাকার মিনারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্যামলা রানী দাস উপজেলার পূর্ব সাধুহাটি এলাকার মৃত অমর দাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টার দিকে বাউরভাগ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এ সময় ঢাকা-সিলেট রুটে চলাচলকারী 'লন্ডন এক্সপ্রেস' পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানার অধীনস্থ শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
এসআই জানান, ঘাতক বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, মৌলভীবাজার-শেরপুর সড়কে দূরপাল্লার বাসগুলোর বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী।