নিজস্ব প্রতিবেদক: দেশবাসীর দোয়ায় ক্রমশ সুস্থ হয়ে উঠছেন চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।
সোমবার (২৯ জুন) মির্জা আব্বাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে শারীরিক অবস্থার এই ইতিবাচক উন্নতির কথা জানান। ফেসবুকের ছবিতে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী আফরোজা আব্বাসের সাথে তাকে হাস্যোজ্জ্বল ও আনন্দঘন সময় কাটাতে দেখা যায়। পোস্টে তিনি উল্লেখ করেন, চিকিৎসার মধ্যেও তিনি পরিবারের সদস্য এবং রাজনৈতিক সহযোদ্ধাদের সাথে নিয়মিত যোগাযোগ ও সাক্ষাৎ বজায় রাখছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোমবার সকালে থেরাপি সেশন শেষে মির্জা আব্বাস তার স্ত্রী আফরোজা আব্বাসের সাথে উন্মুক্ত স্থানে হাঁটাচলা এবং হালকা শারীরিক ব্যায়াম করেছেন।
তিনি আরও জানান, “মির্জা আব্বাস মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে নিয়মিত পায়ের থেরাপী নিচ্ছেন। চিকিৎসকরা তাকে নিয়মিত থেরাপী ও ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।”
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় যেকোনো সময় দেশে ফিরবেন তিনি। মির্জা আব্বাসের পরিবার তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার করা হয়। পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে এক মাস চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
—জা. অর্থনীতি/এলএটি