Print Date & Time : 08 November 2026 Sunday 03:42 am

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

image

নিজস্ব প্রতিবেদক: দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দিতে মোবাইল অপারেটরদের আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন-এর চেয়ারম্যান অগি ফাবেলা।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহদাৎ হোসেন স্বাধীন সাংবাদিকদের এ তথ্য জানান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, প্রযুক্তির সুফল যেন সমাজের সুবিধাবঞ্চিত ও সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেজন্য আরও কম মূল্যে স্মার্টফোন গ্রাহকদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিতে হবে। এর পাশাপাশি ইন্টারনেটের খরচ আরও কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার বিষয়টি বিবেচনা করতে তিনি বহুজাতিক এই প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।

এই বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওন বোর্ড সদস্য মিশেল সোয়েটিং, বাংলালিংক’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান হেনড্রিক মার্টিনাস বাস।

বৈঠকে ভিওন চেয়ারম্যান বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির প্রশংসা করেন এবং দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে তাদের বিনিয়োগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

—জা.অর্থনীতি/এনজে