পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রস্তুতি জোরদারের লক্ষ্যে 'প্রদৃপ্ত' প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগোনারী’র আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকসেদুল আলম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান। সভায় কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. বায়েজীদ বোস্তামী ও টেকনিক্যাল কোঅর্ডিনেটর সাবাহ শবনম প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, "দুর্যোগপ্রবণ এলাকায় জনগণের সুরক্ষা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কমিউনিটি লিডাররা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি