Print Date & Time : 08 November 2026 Sunday 02:30 am

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল, ইতিহাস গড়লেন মেসি

image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়লেন লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে গোল করে প্রথম ফুটবলার হিসেবে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মাঠে নামার কিছুক্ষণ পর প্রথম ফ্রি কিকের সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি। তবে দ্বিতীয় সুযোগটি আর হাতছাড়া করেননি। ৮০তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে বল জড়ান জালে।

চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল, আর বিশ্বকাপে সব মিলিয়ে ১৯তম। এর মধ্য দিয়ে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাসে নাম লেখান তিনি।

এর আগে এই রেকর্ড ছিল ফ্রান্সের জুস্ত ফঁতেন ও ব্রাজিলের জরজিনিয়োর দখলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে ফঁতেন টানা ছয় ম্যাচে গোল করেন। পরে ১৯৭০ সালের আসরে সেই কীর্তি স্পর্শ করেন জরজিনিয়ো।

বিশ্বকাপে সর্বশেষ ২০২২ আসরে পোল্যান্ডের বিপক্ষে গোল পাননি মেসি। এরপর শেষ ষোলোতে অস্ট্রেলিয়া, কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডস, সেমি-ফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টানা গোল করেন তিনি।

চলতি আসরে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ফঁতেন ও জরজিনিয়োর রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মেসি। জর্ডানের বিপক্ষে গোল করে এবার সেই রেকর্ড নিজের একার করে নিলেন।

২০২২ বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন, এবার যেন ঠিক সেখান থেকেই শুরু করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ছয় গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়েও অন্যদের তুলনায় দুই গোল ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি।

— জা. অর্থনীতি/এআইই