Print Date & Time : 28 October 2026 Wednesday 05:28 am

লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু

image

নিজস্ব প্রতিবেদক: লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টের (জিডিআর) ওপর আরোপিত ট্রেডিং স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ২৬ জুন থেকে কোম্পানিটির জিডিআরের লেনদেন পুনরায় শুরু হয়েছে।

শনিবার (২৭ জুন) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি বাংলাদেশের একমাত্র কোম্পানি, যা ২০০৪ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। তবে ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরবর্তী আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করতে না পারায় চলতি বছরের ২ জানুয়ারি থেকে কোম্পানিটির জিডিআর লেনদেন স্থগিত ছিল।

লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী, কোনো সিকিউরিটিজ টানা ছয় মাস স্থগিত থাকলে এবং স্থগিতাদেশের কারণ দূর না হলে তার তালিকাভুক্তি বাতিল হতে পারে। সে অনুযায়ী আগামী ২ জুলাই ছিল এ বিষয়ে নির্ধারিত সময়সীমার শেষ দিন।

এ পরিস্থিতিতে বিদেশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীরা কোম্পানিটির জিডিআর ডি-লিস্টিং ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে আবেদন করেন এবং ডিবিএর সহযোগিতা কামনা করেন।

এর পরিপ্রেক্ষিতে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটি দ্রুত বিএসইসি এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিনিয়োগকারীদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়।

ডিবিএ জানায়, তাদের উদ্যোগের পর বিএসইসি কোম্পানির পরিচালনা পর্ষদকে বিশেষ বোর্ড সভা আয়োজনের অনুমতি দেয়। ওই সভায় ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিক, নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হয়। এর মাধ্যমে কোম্পানির রিপোর্টিং-সংক্রান্ত ঘাটতি দূর হলে লন্ডন স্টক এক্সচেঞ্জ ট্রেডিং স্থগিতাদেশ প্রত্যাহার করে এবং ২৬ জুন থেকে জিডিআরের লেনদেন পুনরায় চালুর অনুমোদন দেয়।

ডিবিএর মতে, এ সিদ্ধান্ত বাংলাদেশের পুঁজিবাজারের আন্তর্জাতিক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় করবে, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

এ বিষয়ে সময়োপযোগী সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ডিবিএর পক্ষ থেকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনের কমিশনার ও কর্মকর্তাবৃন্দ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

ডিবিএ আশা প্রকাশ করেছে, সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগবান্ধব নীতি, কার্যকর সংস্কার ও সময়োপযোগী পদক্ষেপ অব্যাহত রাখবে, যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা আরও বৃদ্ধি করবে।
 
—জা. অর্থনীতি/এএইচএ