Print Date & Time : 14 October 2026 Wednesday 12:54 pm

আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল বলে দেশ চীনের মতো উন্নত হয়নি

image

ঝিনাইদহ প্রতিনিধি: বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকার দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল বলেই বাংলাদেশ আশানুরূপ উন্নত হতে পারেনি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, “আজ যারা ঢালাওভাবে বলে বিএনপি সরকার ভারতের দালালি করছে, তারা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। বিএনপি ভারতের দালালি করলে চীন সফরে না গিয়ে সরকারপ্রধান আগে ভারত সফর করতেন না।”

শনিবার (২৭ জুন) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, “ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক চাই। কিন্তু ভারতের কোনো ধরনের দাদাগিরি বাংলাদেশ বরদাস্ত করবে না।” বিজিবি এখন সীমান্তে সাহসের সাথে চোখ মিলিয়ে কথা বলছে এবং কড়া জবাব দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

অন্যান্য রাজনৈতিক দল ও ছাত্রনেতাদের সমালোচনা করে রাশেদ খান বলেন, “জামায়াত ও এনসিপির নেতারা আজ সরকার পতনের হুমকি দেয়। অথচ আপনারা বিগত ১৭ বছর দলীয় কার্যালয়ের তালাই খুলতে পারেননি। এখন বড় বড় কথা বলছেন। হাসনাত আবদুল্লাহ সংসদে দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। আমি প্রশ্ন তুলতে চাই— হাসনাত আবদুল্লাহ বর্তমান সরকারের সময় সরকারি সব বড় বড় বরাদ্দ নিজের এলাকায় নিয়ে গেছেন, এটি কি দুর্নীতির আওতাভুক্ত নয়?”

পুশইন ইস্যু ও বৈদেশিক সম্পর্কের বিষয়ে তিনি আরও বলেন, “বিএনপি কোনো দেশের দালালি করে না; বিএনপি ভারতের দালালি যেমন করে না, তেমনি পাকিস্তানের দালালিও করে না। অথচ আজ শিবিরের কেন্দ্রীয় নেতা পাকিস্তানে গিয়ে লাল গালিচা সংবর্ধনা নিয়ে দেশে ফিরে বিএনপিকে ভারতের দালাল বলছেন। তাহলে দেশের মানুষ কি ধরে নেবে যে আপনারা পাকিস্তানের দালাল?”

কালীগঞ্জে আয়োজিত এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি