Print Date & Time : 07 November 2026 Saturday 09:01 pm

আদালত চত্বর থেকে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ৩

image

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়িচোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট ৩টি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

পুলিশ সুপার জানান, শুক্রবার (২৬ জুন) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ আদালত চত্বরে পার্কিং করা একটি প্রাইভেটকার চুরির অভিযোগ পায় পুলিশ। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের পরপরই তদন্ত শুরু হয়।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট ৩টি চোরাই গাড়ি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে এর আগেও চুরি ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ গাড়িচোর চক্রের সদস্য। চক্রটি বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে সেগুলো অন্য জেলায় নিয়ে বিক্রি করত।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

—জা.অর্থনীতি/এনজে