Print Date & Time : 08 November 2026 Sunday 10:26 am

খাদেম হতে চান হারুন অর রশীদ, আশুরায় মসজিদে মতবিনিময়

image

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশীদ। তিনি বলেছেন, জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে পৌরবাসীর শাসক নয়, বরং সেবক বা ‘খাদেম’ হিসেবে কাজ করতে চান।

শুক্রবার (২৬ জুন) পবিত্র আশুরা উপলক্ষে জুমার নামাজ আদায় শেষে নরসিংদী পৌর এলাকার বাসাইল পূর্বপাড়া জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ইচ্ছার কথা জানান। এ সময় তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

হারুন অর রশীদ তার বক্তব্যে বলেন, "আমি কোনো পদ বা ক্ষমতার জন্য নয়, পৌরবাসীর সেবা করার লক্ষ্য নিয়েই কাজ করতে চাই। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন এবং তাদের ভোটে নির্বাচিত করেন, তাহলে নরসিংদী পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।"

মতবিনিময় সভায় উপস্থিত বাসাইল এলাকার বাসিন্দা আব্দুল কাদের, মো. জাহাঙ্গীর হোসেন, রতন ও তাহের আলীসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, হারুন অর রশীদ দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। পৌরসভার নানা সমস্যা সমাধানে এবং অবকাঠামোগত উন্নয়নে একজন দায়িত্বশীল ও অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন। তারা মনে করেন, নির্বাচন হলে জনগণই তাদের যোগ্য নেতা বেছে নেবেন।

উল্লেখ্য, নরসিংদী সদর-১ আসন থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম সামসুউদ্দিন আহমেদ এছাকের পুত্র হারুন অর রশীদ। এর আগেও তিনি নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরেও সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তাঁর নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ জোরেশোরেই আলোচনায় রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি