Print Date & Time : 07 November 2026 Saturday 02:50 am

কালিমার পতাকা নিয়ে ব্যতিক্রমী মোটরসাইকেল শোভাযাত্রা

image

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আরবি অক্ষরে কালিমা খচিত পতাকা নিয়ে একটি ব্যতিক্রমধর্মী মোটরসাইকেল শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও জনতা। আন্তর্জাতিক ক্রীড়া আসরগুলোতে ভিনদেশি পতাকা ব্যবহারের প্রবণতার বিপরীতে মুসলিম পরিচয় ও ধর্মীয় মূল্যবোধকে স্মরণ করিয়ে দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কোটালীপাড়া উপজেলার পৌর মার্কেট এলাকা থেকে শতাধিক মোটরসাইকেলের এই শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রার মূল উদ্যোক্তা ও অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ‘রাজিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসা’র মুহতামিম ক্বারী বশির বিন সামসুদ্দিন এবং স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার ধর্মপ্রাণ সাধারণ মানুষ।

প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা গেছে, বিকেলে পৌর মার্কেট এলাকা থেকে কালিমাখচিত পতাকা হাতে মোটরসাইকেলের বিশাল বহরটি যাত্রা শুরু করে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শান্তিপূর্ণ এই শোভাযাত্রাটি পরে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।

কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে ক্বারী বশির বিন সামসুদ্দিন বলেন, “বিশ্বকাপ ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে আমাদের দেশের তরুণরা ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা নিয়ে ব্যাপক উৎসাহ প্রকাশ করে। এতে অনেক ক্ষেত্রে নিজের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় আড়ালে পড়ে যায়। মুসলমানদের মূল পরিচয় ও আদর্শ স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়।”

স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, এ ধরনের আয়োজন মানুষকে নিজের ধর্মীয় পরিচয় ও মূল্যবোধ সম্পর্কে সচেতন করতে সাহায্য করবে। তবে সব কর্মসূচিই যেন শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।

অন্যদিকে, সাধারণ স্থানীয়দের কেউ কেউ মনে করেন, খেলাধুলা বিনোদনের অংশ হওয়ায় ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি পারস্পরিক সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এই ব্যতিক্রমী শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে বেশ কৌতুহলের সৃষ্টি করে।

—জা. অর্থনীতি/এলএটি