Print Date & Time : 07 November 2026 Saturday 08:35 pm

সীমান্তে এক শিশুসহ ৭ নারীকে পুশ-ইন করল বিএসএফ

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে আড়াই বছরের এক শিশুসহ ৭ নারীকে বাংলাদেশে পুশ-ইন (জোরপূর্বক ঠেলে দেওয়া) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের একটি কারাগারে দীর্ঘ দিন আটক থাকার পর চোখ বেঁধে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া হয় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্তের বকশিটিলা এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

ঘটনার সাথে সংশ্লিষ্ট ও তথ্য প্রদানকারী ব্যক্তিরা হলেন— আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, ইউপি সদস্য আবুল হোসেন, কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন এবং পুশ-ইনের শিকার নারীদের প্রথম সনাক্তকারী স্থানীয় যুবক জহির আহমেদ।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি জানান, ভোরে দেবলছড়া সীমান্তের বকশিটিলা দিয়ে এক শিশুসহ ৭ নারী বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে অবরুদ্ধ করেন। জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানান, তারা ভারতের একটি কারাগারে প্রায় ২৫ দিন বন্দি ছিলেন। বৃহস্পতিবার ভোরে বিএসএফ সদস্যরা তাদের চোখ বেঁধে জোরপূর্বক বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়।

স্থানীয় যুবক জহির আহমেদ জানান, তিনি নিজে তাদের অবরুদ্ধ করার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি সদস্য ও কমলগঞ্জ থানায় বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শেষে একটি সিএনজি অটোরিকশায় তুলে দেয়। কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান, ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অনুসন্ধানের আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেওয়ায় পরবর্তীতে আর তাদের সন্ধান পাওয়া যায়নি।

সীমান্ত এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, সম্প্রতি বিএসএফ কর্তৃক এভাবে প্রায়ই নারী ও শিশুদের পুশ-ইন করার ঘটনা ঘটছে। এতে সীমান্ত এলাকায় যেমন উত্তেজনা বিরাজ করছে, তেমনি তৈরি হচ্ছে বড় ধরনের মানবিক সংকট। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এই বিষয়ে দুই দেশের উচ্চ পর্যায়ে কার্যকর আলোচনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ইউপি বলেন, পুশ-ইনের শিকার ওই ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক এবং তাদের বাড়ি ঢাকার সাভারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

—জা. অর্থনীতি/এলএটি