Print Date & Time : 07 November 2026 Saturday 08:36 am

লালমনিরহাটে বিপৎসীমার নিচে তিস্তার পানি

image

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে টানা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও বর্তমানে তা কমতে শুরু করেছে। নদীর পানি নেমে যাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চলে জমে থাকা পানিও সরে গেছে।

বুধবার (২৪ জুন) সকাল থেকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায়।

এর আগে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পায়। এতে ব্যারাজের ভাটিতে থাকা জেলার বিভিন্ন নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পানিতে তলিয়ে যায় বাদাম, ভুট্টা, মিষ্টি আলুসহ বিভিন্ন ফসলের ক্ষেত। তবে রাত থেকেই পানি কমতে শুরু করলে নিম্নাঞ্চল থেকে ধীরে ধীরে পানি সরে যায়।

তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বন্যার শঙ্কা এখনও কাটেনি। এ নিয়ে দুশ্চিন্তায় নদীপাড়ের মানুষ। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানির চাপ নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

—জা. অর্থনীতি/এনজে