Print Date & Time : 14 October 2026 Wednesday 12:38 pm

বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ধারালো অস্ত্রের ছুরিকাঘাতে রজব আলী নামে এক যুবক নিহত হয়েছেন। শহরের মসজিদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রজব আলী পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার নজরুল ইসলাম বাবুর ছেলে।

অভিযুক্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিরা হলেন— মসজিদপাড়া এলাকার জিশান আলী, মেহেদী হাসান এবং নিহত রজব আলী। তারা একে অপরের দীর্ঘদিনের বন্ধু বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, দুপুরে বন্ধুদের মধ্যে হঠাৎ কোনো তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জিশান ধারালো অস্ত্র দিয়ে রজব আলীর বুকে সরাসরি ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. ইসারুল ইসলাম তুষার জানান, বুকে ধারালো অস্ত্রের গভীর আঘাতের কারণে হাসপাতালে আসার আগেই যুবকের মৃত্যু হয়েছে।

ওসি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি