Print Date & Time : 07 November 2026 Saturday 09:27 pm

নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই

image

বিনোদন ডেস্ক: অবশেষে ক্যানসারের কাছে হার মানলেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের নৃত্য পরিচালক জাকির হোসেন। তিনি মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালীর ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন জাকির হোসেন। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাগ্নে মনির। 

এ ছাড়া, প্রবাস থেকে অভিনেতা জায়েদ খানও খবরটি জানিয়েছেন। তার সঙ্গে জাকির হোসেনের যোগাযোগ ছিল, একসঙ্গে কাজও করেছেন তারা। 

এ প্রসঙ্গে জায়েদ বলেন, ‘জাকির হোসেন ভাই চলচ্চিত্রের একজন গুণী নৃত্য পরিচালক ছিলেন। তিনি দুইবার আমার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, আমার বেশ কয়েকটি সিনেমার গানে নৃত্য পরিচালনাও করেছেন।’ 

অনেক দিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন জাকির হোসেন। মে মাসে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নেওয়া হয়েছিল। সেখান থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা শেষে দেশে ফেরেন, চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চলছিল। ভালো চিকিৎসার জন্য সরকারি সহায়তাও চেয়েছিলেন শিল্পীর পরিবার। কিন্তু তার আগেই চলে গেলেন না ফেরার দেশে। 

উল্লেখ্য, জাকির হোসেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত নৃত্য পরিচালকদের একজন। দীর্ঘদিন ধরে সিনেমার নৃত্য পরিচালনা করেছেন। অসংখ্য সিনেমায় নৃত্য পরিচালনার পাশাপাশি কয়েকটিতে তাকে অভিনয় করতেও দেখা গেছে। 
 
—জা. অর্থনীতি/এনএ