Print Date & Time : 08 November 2026 Sunday 02:48 am

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ

image

নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য বুদ্ধিজীবী, প্রাবন্ধিক এবং সাহিত্য-সংস্কৃতির ত্রৈমাসিক ‘নতুন দিগন্ত’ পত্রিকার সম্পাদক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯১তম জন্মদিন আজ।

এই উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার একক বক্তৃতার আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে তিনি “কী দেখেছি, কী বুঝেছি” শীর্ষক বক্তৃতা প্রদান করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এএসএম কামাল উদ্দিন।

‘নতুন দিগন্ত’ পত্রিকার নির্বাহী সম্পাদক মযহারুল ইসলাম বাবলা জানান, আজ বিকেলের অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

১৯৩৬ সালের ২৩ জুন ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন মননশীল শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। তার পিতা হাফিজউদ্দীন চৌধুরী এবং মাতা আছিয়া খাতুন। তিনি প্রয়াত ড. নাজমা জেসমিন চৌধুরীর স্বামী এবং দুই কন্যাসন্তানের জনক।

তার শিক্ষাজীবন শুরু হয় বিক্রমপুরে। পরবর্তীতে তিনি রাজশাহী ও কলকাতায় পড়াশোনা করেন। দেশভাগের পর ঢাকায় ফিরে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে ম্যাট্রিক এবং নটর ডেম কলেজ থেকে আইএ পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে বিএ অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন।উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে ১৯৬০ সালে লীডস বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা এবং ১৯৬৮ সালে লেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপনা শেষে বর্তমানে তিনি আমৃত্যু ইমেরিটাস অধ্যাপক হিসেবে যুক্ত আছেন। সমাজ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২৪টি।

—জা.অর্থনীতি/এনজে