Print Date & Time : 07 November 2026 Saturday 10:12 pm

৫ বছর পর কুবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

image

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ২০২১ সালের ১৭ জুন গঠিত ৩১ সদস্যবিশিষ্ট পূর্ববর্তী আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

বৃহস্পতিবার (১৮ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আগের কমিটির সদস্যসচিব ও ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে। অন্যদিকে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল বাশার।

এছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— আতিকুর রহমান, মো. সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম ও মো. সাইদুল ইসলাম শাওন।

কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে মূল কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নবনির্বাচিত আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “আমার ওপর আস্থা রাখায় কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে কাজ করব। মেধাবী ও তরুণ নেতৃত্বকে মূল্যায়নের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা রাজপথে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করব।”

—জা. অর্থনীতি/এলএটি