Print Date & Time : 26 October 2026 Monday 02:34 pm

তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আসামি আনোয়ারের (৩৮) সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে শ্রীমঙ্গল থানার সামনে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় স্কুলশিক্ষক, চা শ্রমিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের দক্ষিণ লামুয়া এলাকায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে ভুক্তভোগী শিশুটি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বুধবার ভিকটিমের পরিবার শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তার করে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণ মামলার আসামি আনোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্ত আনোয়ারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে এবং আইন অনুযায়ী দ্রুত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবারটিকে থানার পক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি