Print Date & Time : 07 November 2026 Saturday 06:05 am

মেসির জাদুতে শোবিজ তারকাদের উচ্ছ্বাস

image

বিনোদন ডেস্ক: চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করেছে আর্জেন্টিনা। চলতি আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। আর মাঠে নেমেই দেখালেন নিজের চিরচেনা নৈপুণ্য। ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলসহ করেছেন দারুণ এক হ্যাটট্রিক। আর্জেন্টিনার জয় এবং প্রিয় তারকা এমন ফর্মে ফেরায় বাঁধভাঙা উন্মাদনায় মেতেছে ঢাকাই শোবিজ তারকারা। 

পছন্দের দলের খেলা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস, আবেগ ও ভালোবাসা প্রকাশ করেছেন পরীমণি, মেহজাবীন, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েলদের মতো জনপ্রিয় তারকারা। 

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি দলের এই জয়ে দারুণ উচ্ছ্বসিত। খেলা দেখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ফুটবলের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’ 

এদিকে, বরাবরের মতোই শান্ত অথচ গভীর বার্তা দিয়েছেন ছোট পর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনার জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। যেখানে দলটির পতাকার ইমোজি জুড়ে দিয়ে মেহজাবীন লিখেছেন, ‘ঠিক আছে শুভরাত্রি।’ 

লিওনেল মেসির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজের তুমুল আবেগ ও আনন্দ প্রকাশ করেছেন তরুণ অভিনেত্রী কেয়া পায়েল। ক্যাপশনে উচ্ছ্বাস ঢেলে দিয়ে তিনি লিখেছেন, ‘মেসিইইইই, মেসিইইইই, লিও মেসিইইইইইইই সব সময়ই সে। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করলেন মেসি, কী দারুণ গোল! ২০২৬ বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচের মাত্র ১৭ মিনিটের মাথায় গোল করলেন তিনি।’ 

আর্জেন্টিনার এমন দুর্দান্ত পারফরম্যান্সে নিজের ভালোলাগা লুকিয়ে রাখেননি ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।’ 

মেসির হ্যাটট্রিক করা ম্যাচে প্রতিপক্ষ সমর্থকদের একটু মিষ্টি খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি অভিনেতারাও। ছোট পর্দার পরিচিত মুখ খায়রুল বাসার মেসির ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?’ 

একই সুরে সুর মিলিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদও। প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘বুঝলাম না মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিলো, আর তোমাদের কোনো আওয়াজ নাই! রাগ করলা নাকি?’ 

অন্যদিকে, ফুটবল মাঠের বৈরিতা ভুলে চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ে অনন্য এক ক্রীড়াসুলভ মানসিকতা দেখিয়েছেন জনপ্রিয় গায়িকা পড়শী। নিজে ব্রাজিলের সমর্থক হলেও শুভকামনা জানাতে ভোলেননি আলবিসেলেস্তেদের। নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে পড়শী লিখেছেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ, আমি ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’ 

—জা. অর্থনীতি/এনএ