নারায়ণগঞ্জ প্রতিনিধি: ভূমি অধিগ্রহণ ও রিকুইজিশন প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে সরকারি সফটওয়্যার 'ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম'-এ দ্রুত ও নির্ভুল ডাটা এন্ট্রি নিশ্চিত করার ওপর জোরালো তাগিদ দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
বুধবার (১৭ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ম্যানুয়াল পদ্ধতির দীর্ঘসূত্রিতা ও জটিলতা থেকে বেরিয়ে আসতেই এই সফটওয়্যারটি চালু করা হয়েছে।
নোটিশ প্রেরণ থেকে শুরু করে প্রস্তাব, মূল্যায়ন এবং ক্ষতিপূরণ প্রদান—পুরো প্রক্রিয়াটি এখন থেকে এই একটি প্ল্যাটফর্মে নথিভুক্ত হবে। এতে নাগরিকরা ঘরে বসেই তাদের আবেদনের হালনাগাদ তথ্য জানতে পারবেন।
ডাটা এন্ট্রির গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক সতর্ক করেন, ভুল বা অসম্পূর্ণ তথ্য পুরো ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তথ্য আপলোড করতে হবে। পাশাপাশি সফটওয়্যার পরিচালনায় কারিগরি সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণ এবং নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা রাখারও নির্দেশ দেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডাটা এন্ট্রির বর্তমান অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
সভায় জেলা প্রশাসনের রাজস্ব শাখার কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। তারা সফটওয়্যার ব্যবহারের নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি মাঠ পর্যায়ে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়েও খোলামেলা আলোচনা করেন।
—জা. অর্থনীতি/এনজে