Print Date & Time : 07 November 2026 Saturday 09:11 pm

জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

image

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৪ জুন) সকালে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।

স্বর্ণসহ আটক মো. সিকান্দার আলী (৫০) উপজেলার গোয়ালপাড়া গ্রামের কাসেদ আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর সীমান্ত পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে স্বর্ণ পাচারের সময় সিকান্দার আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণ উদ্ধার করা হয়।

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম স্বর্ণসহ পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।