Print Date & Time : 08 November 2026 Sunday 08:45 pm

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক

image

অনলাইন ডেস্ক: তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সহায়তা দেওয়া হয়। ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। 

ঈদের পর থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়েছে। তার নিয়োগের বিরোধিতা করে 'সচেতন গ্রাহক ফোরামের' ব্যানারে টানা আন্দোলন করছেন একদল গ্রাহক। 

এই অস্থিরতার জেরে ব্যাংকটিতে বিপুলসংখ্যক আমানতকারী তাদের আমানত তুলে নেন। তারল্য সংকট এত গভীর হয় যে গ্রাহকদের চাহিদামতো অর্থ দিতে ব্যর্থ হয় ব্যাংক। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ক্যাশ রিজার্ভ রেশিও-ও (সিআরআর) বজায় রাখতেও পারেনি। 

এর ফলে গত সপ্তাহে ব্যাংকটি ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এর পরই এই ২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা দেওয়া হলো। 

গত শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া ইঙ্গিত দিয়েছিলেন। 

ওই সময় গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে। আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না। প্রয়োজনে জরুরি তারল্য সহায়তা দেওয়া হবে।

—জা.অর্থনীতি/জেআরটি