Print Date & Time : 14 October 2026 Wednesday 06:42 pm

যুবককে ইট মেরে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

image

অনলাইন ডেস্ক: রাজধানীর কাফরুলে মোটরসাইকেল চালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইচেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফয়সাল ও মো. কালু (২৭)। 

র‌্যাব জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাই’ শিরোনামের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, মোটরসাইকেল চালক রাফির সঙ্গে ব্যবসাসংক্রান্ত বিষয় নিয়ে তাদের আগে থেকেই বিরোধ ছিল। কয়েক দিন আগেও এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

র‌্যাব আরও জানায়, ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় কালু, পারভেজ ও তাদের কয়েকজন সহযোগী সড়কের পাশে অবস্থান করছিলেন। রাফিকে একা দেখে তারা তাকে থামানোর চেষ্টা করেন। প্রথমে কালু মোটরসাইকেলটি থামাতে ব্যর্থ হন। পরে সামনে অবস্থান করা পারভেজ একটি ইটের টুকরো ছুড়ে রাফির মাথায় আঘাত করেন। এতে রাফি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে অভিযুক্ত ব্যক্তিরাই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।  

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

—জা. অর্থনীতি/এএইচএ