Print Date & Time : 08 November 2026 Sunday 02:13 pm

ইরানি তেল বহনের অভিযোগে মার্কিন হামলা, ২ ভারতীয় নাবিক নিহত

image

আন্তর্জাতিক ডেস্ক: গালফ অব ওমানে চলাচলরত তেলবাহী ট্যাঙ্কার এম/টি সেত্তেবেলোতে মার্কিন বাহিনীর হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় নাবিকদের সংগঠন ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া। সংগঠনটির সাধারণ সম্পাদক মনোজ যাদব এ তথ্য নিশ্চিত করেছেন। খবরটি প্রকাশ করেছে আল-জাজিরা।

নিহত দুই নাবিক হলেন আদিত্য শর্মা ও শিবানন্দ চৌরাসিয়া। এদিকে ট্যাঙ্কারটির প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই জাহাজে মোট ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। এর মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ভারত সরকার যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক জেসন মিকসকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি নিখোঁজ নাবিকের সন্ধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা লক্ষ্যভেদী হামলার মাধ্যমে ট্যাঙ্কারটির ইঞ্জিন কক্ষ অচল করে দেয়। তাদের বক্তব্য, জাহাজটি ইরানি তেল পরিবহন করছিল এবং মার্কিন বাহিনীর দেওয়া নির্দেশনা অনুসরণ করতে অস্বীকৃতি জানিয়েছিল।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। এতে আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভারত সরকারও ঘটনাটিকে গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।

—জা. অর্থনীতি/এআইই