Print Date & Time : 28 October 2026 Wednesday 07:03 am

চা-বাগানে দেখা মিলল দুর্লভ চিতাবিড়লের

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানে দেখা মিলেছে বিলুপ্তপ্রায় দুর্লভ চিতাবিড়ালের। গত ১৪ মে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার কাজল হাজরা দীর্ঘ অপেক্ষার পর প্রাণীটির কয়েকটি ছবি ক্যামেরাবন্দী করতে সক্ষম হন। বনভূমি ধ্বংস ও আবাসস্থল সংকোচনের কারণে এই বিরল প্রাণীটি আজ হুমকির মুখে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ছবি তোলার অভিজ্ঞতা জানিয়ে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার কাজল হাজরা বলেন, "আগে চা-বাগান ও বনাঞ্চলে এ প্রাণী তুলনামূলক বেশি দেখা যেত, এখন খুব কম দেখা যায়। চিতাবিড়াল মূলত নিশাচর প্রাণী হলেও ভোর ও সন্ধ্যায় এদের সক্রিয় দেখা যায়। আকারে গৃহপালিত বিড়ালের মতো হলেও দেখতে অনেকটা চিতাবাঘের ক্ষুদ্র সংস্করণ।"

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বন ও প্রাকৃতিক আবাসস্থল ক্রমেই সংকুচিত হয়ে যাওয়ায় চিতাবিড়ালসহ বিভিন্ন বন্য প্রাণী লোকালয়ে চলে আসছে। এতে তারা আহত হচ্ছে, অনেক ক্ষেত্রে প্রাণও হারাচ্ছে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই বিরল প্রাণীটি আজ নানা কারণে হুমকির মুখে।

বিশেষজ্ঞ ও বন্যপ্রাণী প্রেমীদের মতে, বনভূমি ধ্বংস, আবাসস্থল সংকোচন এবং মানুষের সঙ্গে সংঘাত বৃদ্ধির ফলে দিন দিন কমে যাচ্ছে চিতাবিড়ালের সংখ্যা। এই দুর্লভ প্রাণীসহ অন্যান্য বন্য প্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করতে বন বিভাগ ও স্থানীয়দের দ্রুত সচেতন ও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

—জা. অর্থনীতি/এলএটি