Print Date & Time : 07 November 2026 Saturday 06:21 am

দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

image

রাঙামাটি প্রতিনিধি: ২৯৯ নম্বর রাঙামাটি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাঙামাটি জেলা নাগরিক সমাজ’-এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে শিক্ষক এস এম মঈনুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন— অ্যাডভোকেট সুম্মিতা চাকমা, সাবেক যুগ্ম সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, রাঙামাটি হেডম্যান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুজিত দেওয়ান, শিক্ষিকা ও সমাজকর্মী গৈরিকা চাকমা, মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) সভাপতি মংসুইপ্রু মারমা, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী, সমাজকর্মী লুমা লুসাই এবং সমাজকর্মী মোহাম্মদ সাবেরসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অ্যাডভোকেট দীপেন দেওয়ান শারীরিকভাবে অসুস্থ হয়ে নয়, বরং চাপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। পার্বত্য অঞ্চলের জনগণ বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছিল, কিন্তু মাত্র তিন মাসের মধ্যে তাকে পদত্যাগে বাধ্য করায় এই অঞ্চলের মানুষ আশাহত হয়েছে। দীপেন দেওয়ান কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে তাকে স্বপদে বহাল করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান বক্তারা।

—জা. অর্থনীতি/এলএটি