Print Date & Time : 08 November 2026 Sunday 03:30 pm

বৈদুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

image

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া এলাকার গামারা বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তি হলেন— বড়বাড়িয়া গ্রামের উসমান হারুনের ছেলে নিপু। তিনি দুই সন্তানের জনক ছিলেন। স্থানীয়দের দাবি, নিপু এলাকায় একজন চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত গভীর রাতে বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত সেচ পাম্পের পিডিবির এসটি খুঁটির বৈদ্যুতিক তার চুরির উদ্দেশ্যে যান নিপু। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যান। সোমবার সকালে স্থানীয়রা বিলের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি