লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে অভিযান চালাচ্ছেন।
নিখোঁজরা হলো—মোগলহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬) ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪)। তারা মোগলহাট বাজার সংলগ্ন এলাকার মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে সাব্বির ও শাওন তাদের এক বন্ধুসহ ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা ভেসে যায়। তাদের বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই ভাই নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও উদ্ধার কাজে সহায়তা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান মেলেনি।
—জা. অর্থনীতি/এলএটি