Print Date & Time : 07 November 2026 Saturday 05:15 pm

জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষায় পাবনায় সাইকেল র‍্যালি

image

পাবনা প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও জ্বালানি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনায় এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে গ্রিন গ্রোথ ফাউন্ডেশনের আয়োজনে এই র‍্যালির উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানসিক হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, পরিবেশকর্মী এবং সচেতন নাগরিকেরা অংশ নেন। র‍্যালি থেকে পরিবেশবান্ধব যানবাহন হিসেবে সাইকেলের ব্যবহার বৃদ্ধি এবং খনিজ জ্বালানির ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার ড. হাফিজ ইকবাল এবং গ্রিন গ্রোথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজুর রহমান শ্রাবণ প্রমুখ।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জ্বালানি সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। দৈনন্দিন যাতায়াতে সাইকেল ব্যবহারের মাধ্যমে খনিজ জ্বালানি খরচ কমানোর পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও তারা গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমেই কেবল একটি টেকসই ও সবুজ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

—জা. অর্থনীতি/এলএটি