Print Date & Time : 07 November 2026 Saturday 03:18 am

ডেঙ্গু প্রতিরোধে যশোরে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ

image

যশোর প্রতিনিধি: যশোরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই র‍্যালির উদ্বোধন করেন। জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

র‍্যালিটি সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাদশা ফয়সাল ইনস্টিটিউট সংলগ্ন ঈদগাহ মোড়ে গিয়ে এটি শেষ হয়। এতে জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। প্রত্যেকে নিজ নিজ বাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। মশার বিস্তার রোধে তারা সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং স্থানীয় রাজনৈতিক নেতা আনিছুর রহমান মুকুলসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি