Print Date & Time : 07 November 2026 Saturday 07:31 pm

আচমিতা মাঠকে স্টেডিয়াম করার ঘোষণা প্রতিমন্ত্রীর

image

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদেশি খেলোয়াড়দের উপস্থিতিতে জেলার সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়া চক্রের আয়োজনে ৩৩তম ‘লক্ষ টাকা প্রাইজমানি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর এই ফাইনাল অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। টুর্নামেন্টের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলিপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো. আশফাক আহমেদ জুন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেন, "ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের খেলা-পরবর্তী জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ইন্সট্রাক্টর হিসেবে চাকরির ব্যবস্থা করা হবে।" মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় দেখে সন্তোষ প্রকাশ করে তিনি দর্শকদের সুবিধার্থে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠকে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা দেন এবং আগামী বছর টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তা বাস্তবায়নের আশ্বাস দেন।

নাইজেরিয়া ও উগান্ডার একঝাঁক বিদেশি ফুটবলার এবং দেশের জাতীয় দলের তারকা খেলোয়াড়দের উপস্থিতিতে এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ‘বোয়ালিয়া ফুটবল একাডেমি’ ও ‘বেতাল ছুবেজ্জামান একাদশ’। প্রত্যন্ত অঞ্চলের এই হাইভোল্টেজ ম্যাচ উপভোগ করতে কিশোরগঞ্জ ও আশপাশের বিভিন্ন জেলা থেকে অন্তত ২০ হাজার দর্শক মাঠে হাজির হন।

নির্ধারিত ৯০ মিনিটের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি গোলশূন্য থাকায় ম্যাচটি গড়ায় ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে। সেখানে বেতাল ছুবেজ্জামান একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বোয়ালিয়া ফুটবল একাডেমি। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে জমকালো গোল্ডকাপ ও এক লক্ষ টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুব ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি