Print Date & Time : 07 November 2026 Saturday 04:52 am

সৈকতে ভেসে এলো দানবাকৃতির মৃত তিমি

image

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ৫৮ ফুট দৈর্ঘ্যের বিশালাকৃতির একটি বেলিন প্রজাতির মৃত তিমি।

বুধবার (৩ জুন) দুপুর দুইটার দিকে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান সংলগ্ন পূর্ব পাশে তিমিটি ভেসে আসে।

স্থানীয়দের মতে, গত দুই দশকের মধ্যে সৈকতে ভেসে আসা তিমির মধ্যে এটিই সবচেয়ে বড়। এর আগে সকালে কুয়াকাটা থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীরে সাগরে তিমিটি ভাসতে দেখেন জেলেরা। 

খবর পেয়ে ‘উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা’ (উপরা) এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধারের চেষ্টা করেন। তবে তিমিটি অর্ধগলিত থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।  পরে জোয়ারের স্রোতের টানে সেটি ঝাউবাগান এলাকায় এসে আটকে যায়।

উপরার আহ্বায়ক বাচ্চু খলিফা বলেন, ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে।  তবে ঠিক কী কারণে এটি মারা গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য এটি একটি অশনিসংকেত।

তিমিটির কঙ্কাল সংরক্ষণ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তিনি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনির হোসেন জানান, ঘটনাস্থলে ইতোমধ্যে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে।  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তিমিটি মাটিচাপা দেওয়াসহ কঙ্কাল সংরক্ষণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি/এনজে