Print Date & Time : 08 November 2026 Sunday 03:05 am

কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে বিএনপি নেতাকে হুমকি

image

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলীর বাড়ি থেকে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল ও একটি হুমকির চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) সকালে বাড়ির প্রাচীরের ওপর এসব সামগ্রী দেখতে পেয়ে পুলিশে খবর দেন লস্কর আলী ও তার পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বলিয়ারপুর গ্রামের মৃত এজেল শেখের ছেলে লস্কর আলী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুণের সমর্থক হিসেবে পরিচিত।

স্থানীয়দের ধারণা, দলীয় কোন্দলের জেরে দুর্বৃত্তরা বাড়ির সীমানা প্রাচীরের ওপর একটি হালকা নীল রঙের পলিথিনে মোড়ানো কাফনের কাপড়, আগরবাতির প্যাকেট, গোলাপজলের বোতল এবং একটি চিরকুট রেখে যায়। চিরকুটে তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর থেকে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে বারাদি ক্যাম্প পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে কাফনের কাপড়সহ অন্য সামগ্রী উদ্ধার করেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর পেছনে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

—জা. অর্থনীতি/এলএটি/এনজে