Print Date & Time : 07 November 2026 Saturday 01:01 pm

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার ইসলাম অবমাননা ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (৩ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় সচেতন ইসলাম প্রিয় জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলা হেফাজত ইসলামের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্র বিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী ও সরাইল উপজেলায় হেফাজতে ইসলামের সহ-সভাপতি হাজী মহিবুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি হচ্ছে সিনেমামুক্ত সংস্কৃতি। যেখানে ইসলামের সংস্কৃতি চলে। আলেম-ওলামাদের এই জনপদে ইসলামের সংস্কৃতি চলবে, কোনো অপসংস্কৃতি চলবে না। 

তারা বলেন, বনলতা এক্সপ্রেস সিনেমায় ইসলামের মূল দিকগুলোকে মানুষের সামনে হেয় করে প্রকাশ করা হয়েছে। তাই ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেসসহ প্রকাশ্যে সিনেমার প্রদর্শন চলবে না।

এছাড়া বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী স্থগিতের প্রতিবাদে সোমবার আয়োজিত মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করে বক্তারা বলেন, রুমিন ফারহানা তার বক্তব্যে ইসলামের আজান ও ওয়াজকে নিয়ে কটুক্তি করেছেন। এজন্য তাকে দ্রুত ক্ষমা চাইতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলনের ডাক দেওয়া হবে। 

ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোন ধরনের অপসংস্কৃতি চলতে দেওয়া হবে না। ইসলাম নিয়ে কটুক্তি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

প্রসঙ্গত, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু কওমী ছাত্র-জনতার বিরোধের মুখে প্রদর্শনী স্থগিত করা হয়। এ নিয়ে সাংস্কৃতিক মহলে নানা সমালোচনার সৃষ্টি হয়। 

—জা. অর্থনীতি/এনজে