Print Date & Time : 08 November 2026 Sunday 07:58 pm

ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

image

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে 'ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম'। 

মঙ্গলবার (২ জুন) সকালে শহরের পার্ক রোডে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক অ্যাডভোকেট আসাদ, সাইদুর রহমান, আব্দুল মতিন ও মাওলানা রেজাউল করিমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকিং দেশের অর্থনীতি ও আর্থিক খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।  দেশের লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক এই ব্যাংকিং ব্যবস্থাকে দুর্বল করার যেকোনো অপচেষ্টা সাধারণ মানুষ মেনে নেবে না।  একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংকিং সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে এর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, ইসলামী ব্যাংকিং শুধু কোনো সাধারণ আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি নৈতিকতা ও শরিয়াহভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার একটি বড় অংশ।  তাই এ খাতের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।  একই সাথে বক্তারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাধারণ গ্রাহক ও সচেতন নাগরিকরা অংশ নেন। কর্মসূচি থেকে ইসলামী ব্যাংকিংয়ের স্বার্থ সংরক্ষণ এবং এর বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

—জা. অর্থনীতি/এলএ/এনজে