Print Date & Time : 08 November 2026 Sunday 03:18 pm

ঈদযাত্রায় ছয় দিনে সড়কে ৩৭ প্রাণহানি

image

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহার ছুটিতে গত মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত ছয় দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ৯০ জন।

গোপালগঞ্জ

গত বৃহস্পতিবার ঈদের দিন দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে শহরের বেদগ্রামে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ ৫ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোনিয়া গ্রামের আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৬), তার স্ত্রী খাদিজা খাতুন (৩০), ছেলে মো. আরমান (৬), মোটরসাইকেল চালক বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের শাওন ঢালী (২২) ও মোটরসাইকেল আরোহী একই গ্রামের মাহাবুব শেখের ছেলে এসএসসি পরীক্ষার্থী সোয়েব শেখ (১৬)। এ ঘটনায় আরও ১১ জন আহত হন।

জানা গেছে, পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মহাসড়কের বেদগ্রামে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নেত্রকোনা

গত শুক্র ও রোববার সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। রোববার নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস সদরের চল্লিশা বাইপাস এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারী নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

এছাড়া ঈদের পরদিন নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নীরব (২৪) এবং ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)।

ফরিদপুর

ঈদের দিন বিকেলে পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) এবং ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)।

গত শুক্রবার মথুরাপুর কেন্দ্রীয় কবরস্থানে পাশাপাশি দুই বন্ধুর লাশ দাফন করা হয়েছে। এছাড়া গত মঙ্গলবার সন্ধ্যায় দিঘলিয়া বাসস্ট্যান্ড জামে মসজিদ এলাকায় রাস্তা পারাপারের সময় মাগুরাগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেটকারচাপায় মো. আব্দুল মালেক শেখ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হন।

একই দিন ভোরে রায়পুর ইউনিয়নের ব্রাহ্মণকান্দা বাজার বাইপাস সড়কে অজ্ঞাত বাহনের চাপায় ভারসাম্যহীন নারী মীম খাতুন (২৬) নিহত হয়েছেন। তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে।

ময়মনসিংহ

গত শনিবার সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন।

নিহতরা হলেন- হালুয়াঘাট থানা এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৩১) ও তার আড়াই বছরের শিশু ছেলে রুহান।

নরসিংদী

গত বুধবার সন্ধ্যায় শিবপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন।

নিহতরা হলেন- শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রতাপনগর গ্রামের আবদুর রব মিয়ার ছেলে রুমান মিয়া (২৬) এবং নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামের শাহ আহাম্মদের ছেলে চান মিয়া (১৯)।

পটুয়াখালী

গত বৃহস্পতিবার সকালে গলাচিপা পৌর এলাকার মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (২০) এবং আবু মিয়ার ছেলে মো. ফয়সাল (১৯)।

চট্টগ্রাম

গত শনিবার ফটিকছড়ি উপজেলার বন্যপ্রাণী অভয়ারণ্য হাজারীখীলে ঘুরতে গিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের প্রাণহানি ঘটেছে। উপজেলার রাঙাপানি চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াজিষপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সনজিত দাশের একমাত্র ছেলে সীমান্ত দাশ (১৭) এবং ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিলন মাস্টারের বাড়ি সংলগ্ন মৃত দুলাল মল্লিকের ছেলে জয় মল্লিক (১৬)।

সাতক্ষীরা

গত মঙ্গলবার ভোরে সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির (৩২) নামে এক মোটরসাইকেল এবং মেহেদী হাসান (২৫) নামে অপর এক আরোহী নিহত হয়েছেন। খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর

গত শনিবার বিকেলে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হন। দশমাইল পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেলচালক আমেনা-বাকি রেসিডেনন্সিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র জাবির খালেদ (১৮) ঘটনাস্থলে এবং তার বন্ধু আহত আহনাদ তহমিদ রিয়াদ (১৮) রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান।

নাটোর

ঈদের দিন রাতে সিংড়ায় সড়ক দুর্ঘটনায় সজিব হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার চলনবিল পয়েন্ট এলাকায় একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব উপজেলার তাজপুর ইউনিয়নের কয়রাবাড়ি গ্রামের আরিফুল ইসলাম টগরের তৃতীয় ছেলে।

নড়াইল

ঈদের দিন বিকেলে উপজেলার ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কের আলমুন্সির মোড়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক সাব্বির গাজী (১৭) নিহত হন।

জামালপুর

গত বুধবার সকালে সদরের বিনন্দের পাড়া এলাকায় জানাজায় অংশ নিতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বাসচাপায় সোহরাব হোসেন সরু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

চাঁদপুর

সদরের বাগাদিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মো. জোহা (১৭) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তার বাবার নাম মিরাজ সালেহ উদ্দিন তছলিম। গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলায়।

এছাড়া হাজীগঞ্জে দুই বাসের প্রতিযোগিতায় একটি বাস এক ব্যক্তিকে চাপা দিলে তার মৃত্যু হয়। গত রোববার সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে টোরাগড় মনির ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. বিল্লাল হোসেন (৫৫) স্থানীয় ডক্টরস সিটি স্ক্যান ও ডায়াগনস্টিক সেন্টারের দারোয়ান ছিলেন।

গাইবান্ধা

পলাশবাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে গেলে রিকতা খাতুন (২৫) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৭ যাত্রী।

গত রোববার সকালে উপজেলার গড়েয়ারপাড় এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকতা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল মিয়ার স্ত্রী।

পাবনা

উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় পিয়াস (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়াস কালিকাপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

কক্সবাজার

গত শনিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা বিকেএসপির সামনে সড়ক দুর্ঘটনায় খালেদা আক্তার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

টাঙ্গাইল

গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম ভূঞাপুর নতুন বাইপাস রোডে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে।

কুষ্টিয়া

সেনাবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অপর বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৩৫/৪০ জন আহত হয়েছেন। নিহতের নাম জিয়াউল ইসলাম (৪৫)।

গত রোববার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউলের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায়। তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কিশোরগঞ্জ

গত রোববার সকালে কিশোরগঞ্জের ভৈরব মহাসড়কে বাসচাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তারের (৬) মৃত্যু হয়েছে। 

—জা. অর্থনীতি/এনজে