গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার ১১নং গিদারী ইউনিয়নে মাদকবিরোধী মানববন্ধন করা হয়েছে।
শনিবার (৩০মে) সকাল ১০টায় গিদারী ইউনিয়নের কাউন্সিলের বাজার এলাকায় গিদারী উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন সড়কে সর্বদলীয় সংগ্রাম কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক ও গিদারী ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১নং গিদারী ইউনিয়ন শাখার সেক্রেটারি কুতুবউদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা সদর থানা শাখার অর্থ সম্পাদক আব্দুল হালিম, গাইবান্ধা সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিক পিটন, মার্কসবাদী নেতা প্রফেসর গোলাম সাদেক লেবু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলজার রহমান এবং ১১নং গিদারী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ডন প্রমুখ।
এতে সঞ্চালনা করেন ১১নং গিদারী ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল।
এ সময় বক্তারা গিদারী ইউনিয়ন চেয়ারম্যানকে বরাত দিয়ে বলেন, গিদারী ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এই ইউনিয়নে মাদকের বিস্তারলাভ করে। মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
—জা. অর্থনীতি/এনজে