Print Date & Time : 26 October 2026 Monday 04:06 am

ইবি উপাচার্যসহ ৫ অধ্যাপকের ইউরোপ সফর

image

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানসহ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ৫ শিক্ষক ইউরোপে একাডেমিক ও গবেষণা সহযোগিতামূলক কর্মসূচিতে অংশ নিতে আগামী ৩০ মে থেকে ২০ জুন পর্যন্ত ফিনল্যান্ড ও সুইডেন সফর করবেন।

বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তর বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

সফরকারী অধ্যাপকরা হলেন- পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান ও অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেন এবং অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফর রহমান।

তারা ইরাসমাস ও প্রকল্প “RESHAPE (Regenerating Socio-Cultural Sustainability and Planetary Wellbeing in Higher Education: Global Partnership)” এর আওতায় বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

আন্তর্জাতিক এ আয়োজনের সমন্বয় করছে ফিনল্যান্ডের টারকু ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে সুইডেনের ইউনিভার্সিটি অব গ্যাভলে এবং ফিনল্যান্ডের লরিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ আন্তর্জাতিক সফর সংশ্লিষ্ট শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আধুনিক উচ্চশিক্ষা ব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত হওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

সফরকালে তারা ইউরোপের গবেষণাভিত্তিক শিক্ষা পদ্ধতি, উদ্ভাবনী শিক্ষাদান কৌশল, আন্তঃবিভাগীয় গবেষণা কাঠামো এবং টেকসই উন্নয়নভিত্তিক একাডেমিক চর্চা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। পাশাপাশি আন্তর্জাতিক গবেষক ও শিক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও সৃষ্টি হবে।

এছাড়া ইরাসমাস+ কাঠামোর আওতায় এ অংশগ্রহণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার, বৈশ্বিক একাডেমিক যোগাযোগ সম্প্রসারণ এবং ভবিষ্যৎ গবেষণা সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা ও শিক্ষার পরিবেশ গড়ে তুলতে দীর্ঘমেয়াদে ইতিবাচক অবদান রাখবে।

এর আগে গত বছরের ৩ সেপ্টেম্বর বিভাগটি প্রকল্প কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা ও আলোচনা সভার আয়োজন করে। সেখানে প্রকল্প সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে সাবেক উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এনজে